ক্রাইম ব্লক

ঝাড়খণ্ড সীমান্তে অবৈধ কয়লার বিরুদ্ধে এবার সাদা পোশাকেও অভিযান, প্রচুর কয়লা বাজেয়াপ্ত, গ্রেফতার ২

বৃহস্পতিবার ভোরবেলায় ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন গোলামারা গ্রাম পঞ্চায়েতের পিঁড়রগড়িয়া গ্রামের ভেতরের রাস্তায় সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়।
ঝাড়খণ্ড সীমান্তে অবৈধ কয়লার বিরুদ্ধে এবার সাদা পোশাকেও অভিযান, প্রচুর কয়লা বাজেয়াপ্ত, গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় অবৈধ কয়লার অনুপ্রবেশ রুখতে আরও কঠোর জেলা পুলিশের অভিযান।  পুলিশ সুপার কুমার শানি রাজের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সেই অভিযানেরই অংশ হিসেবে বুধবার ভোরে মফস্বল থানার পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন গোলামারা গ্রাম পঞ্চায়েতের পিঁড়রগড়িয়া গ্রামের ভেতরের রাস্তায় সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। সেখানে দুটি মোটরসাইকেল ও ছয়টি সাইকেলে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মোট ৯.৬ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়।

অভিযানের সময় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অপরজন পুরুলিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হবে।

পুলিশের দাবি, ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে অবৈধ কয়লা পাচার সম্পূর্ণ বন্ধ করতে জেলা জুড়ে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রের বক্তব্য, অবৈধ কয়লা পরিবহণ ও পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ভবিষ্যতেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।