ক্রাইম শহর

পুরুলিয়ায় বার কাণ্ডে নতুন মোড়, ভিডিও দেখিয়ে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

ঝালদার রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের রেশ কি এবার পুরুলিয়া শহরের শিল্প ও কর্মসংস্থানের অন্যতম কারিগর 'কুশল ভারত গ্রুপ'কে কালিমালিপ্ত করতে ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন কর্তৃপক্ষ।
পুরুলিয়ায় বার কাণ্ডে নতুন মোড়, ভিডিও দেখিয়ে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

 

সুইটি চন্দ্র  পুরুলিয়া:

গভীর রাতে বারে তাণ্ডব থেকে শুরু করে নামী আবাসনে নিয়ম ভেঙে বিপজ্জনক নির্মাণ প্রথম নজরে বিচ্ছিন্ন মনে হলেও, এর নেপথ্যে কি কোনো বড়সড় পরিকল্পিত চক্রান্ত কাজ করছে? কুশল ভারত গ্রুপের দিকে আঙুল তোলার নেপথ্যে এবার উঠে এলো ঝালদার এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। জোড়া এফআইআর-এর পর তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার জোগাড় পুলিশের!

গত ১ তারিখ রাতের বার-কাণ্ড স্রেফ 'মদ্যপদের তাণ্ডব' নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাংবাদিক সম্মেলনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নির্দিষ্ট সময় পার হওয়ার পর জোরপূর্বক আরও মদ্যপান করতে দেওয়ার দাবি এবং বারে উপস্থিত সঙ্গীতশিল্পীকে হেনস্থার চেষ্টা সবটাই কোনো বড় অশান্তি বাধানোর ছক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাঁরা আরও জানান, পরিস্থিতি সামলাতে গিয়ে বারের এক কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ওই কর্মীর চিকিৎসার সমস্ত খরচ বার কর্তৃপক্ষ বহন করলেও, এই হামলার তীব্রতা প্রমাণ করে যে হামলাকারীদের উদ্দেশ্য কেবল মদ্যপান ছিল না। গত ২ তারিখে এই নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে ৪ তারিখের অন্য একটি এফআইআর-কে কেন্দ্র করে এই গ্রুপের প্রোমোটিংয়ে নির্মিত হাইল্যান্ড গার্ডেন আবাসনের বিতর্ক এক নতুন মোড় নিয়েছে। সাংবাদিক সম্মেলনে দাবি তোলা হয় যে, ফ্ল্যাট হস্তান্তরের চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু ফ্ল্যাটে বিপজ্জনকভাবে কাঠামোগত পরিবর্তন করা হচ্ছিল। নোটিশ বোর্ডে ও সংশ্লিষ্ট ফ্ল্যাটে আগাম নোটিশ দেওয়া সত্ত্বেও কাজ বন্ধ হয়নি।

ভিডিওর তথ্যানুযায়ী, কুশল ভারত গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই পুরো ঘটনার পেছনে একটি গভীর চক্রান্ত কাজ করছে। কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, কিছু নির্দিষ্ট ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।

কর্তৃপক্ষের অভিযোগ, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই অশান্তি সৃষ্টিকারীরা পুরুলিয়া শহরেরই নন, তারা ঝালদার বাসিন্দা। জানা গেছে, সম্প্রতি ঝালদা থানায় যার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সে ২০২২ সালের ঝালদা পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় কুমার ভগতের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত। অভিযুক্ত ব্যক্তি ওই ওয়ার্ডের বর্তমান নির্বাচিত পৌর প্রতিনিধির ছেলে।

ঝালদার রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের রেশ কি এবার পুরুলিয়া শহরের শিল্প ও কর্মসংস্থানের অন্যতম কারিগর 'কুশল ভারত গ্রুপ'কে কালিমালিপ্ত করতে ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন কর্তৃপক্ষ।