নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অপরাধচক্রের পাতা ‘ভাড়ার অ্যাকাউন্টে’ জমা পড়ছিল সাইবার প্রতারণার টাকা! সেই অসাধু কারবারে যুক্ত থাকার অভিযোগে এক প্রৌঢ়কে জালে তুলল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম খগেন্দ্রনাথ দিগার। তিনি বরাবাজার থানার রাধানগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, চলতি বছরের ১৫ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে এক বিশাল অনলাইন প্রতারণা চক্র সক্রিয় ছিল। সাইবার অপরাধীরা জেলা থেকে অন্তত ১৪টি ‘রেন্টেড’ বা ভাড়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অপরাধ চালিয়েছে। এ ছাড়া ৩৯টি এটিএম কার্ড ও দুটি চেকের মাধ্যমে ৬ লক্ষ টাকারও বেশি অর্থ লেনদেন করা হয়েছে বিভিন্ন রাজ্যে।
বিষয়টি নজরে আসতেই তৎপরতা দেখায় পুরুলিয়া সাইবার ক্রাইম থানা। গত ২২ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন তদন্তকারীরা। সেই সূত্রের পিছু ধাওয়া করতেই ধরা পড়েন খগেন্দ্রনাথ।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, সাইবার অপরাধী চক্রগুলি এখন সরাসরি না করে স্থানীয় বাসিন্দাদের আর্থিক প্রলোভন দেখিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের প্রতারণা রুখতে পরপর তিনটি স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত চালানো হচ্ছে। এখনও পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই চক্রের সঙ্গে যুক্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সহযোগীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।