নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলে বেআইনি পোস্ত চাষ রুখতে এবার সরাসরি ময়দানে নামল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাঙ্গা, তরপনিয়া, বাউরাজারা, বাঁধঘুটু এবং অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন বাঘমুণ্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস। তিনি নিজে পাহাড়ি গ্রামগুলিতে উপস্থিত থেকে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং বেআইনি পোস্ত চাষের আইনি ও সামাজিক কুফল সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে বোঝান। মাইকিং করার পাশাপাশি পুলিশকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালান।
গ্রামবাসীদের সচেতন করার পাশাপাশি আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে একটি বৈঠক করেন। এলাকার প্রশাসনিক প্রধান হিসেবে বেআইনি পোস্ত চাষ বন্ধে পঞ্চায়েতের ভূমিকা ও দায়িত্ব ঠিক কী, সে বিষয়ে প্রধানকে বিশেষভাবে অবগত করা হয় এবং পুলিশের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।