নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
রথযাত্রার উৎসবের মধ্যেই দুর্ঘটনা। রথ টানার সময় অসাবধানতাবশত রথের চাকার তলায় পা চলে গিয়ে গুরুতর জখম হলেন এক মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জয়পুরের রাখবড় মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম কনকলতা কুমার। তিনি বারবেন্দা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রথ টানার সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন আচমকাই তাঁর পা রথের চাকার নীচে চলে যায়। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পুলিশের তৎপরতায় দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ঘটনার পর রথযাত্রাকে ঘিরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। আহত মহিলার চিকিৎসা চলছে।