নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
সংসারের হাল ফেরাতে চার মাস আগে ভিন্রাজ্যে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত মৃত্যুযাত্রায় পরিণত হল। অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল পুরুলিয়ার বলরামপুর ব্লকের নেকড়ে গ্রামের পরিযায়ী শ্রমিক বিভীষণ মাহাতো (৪২)-র। বুধবার রাতে তাঁর দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয়ভাবে নিয়মিত কাজ না মেলায় প্রায় চার মাস আগে ভবন নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে হায়দরাবাদে গিয়েছিলেন বিভীষণ। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য হিসেবে বেশি আয়ের আশাতেই ভিন্রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি।
সোমবার দুপুরে কাজ শেষ করে থাকার জায়গায় ফিরছিলেন বিভীষণ। অভিযোগ, সেই সময় একটি মোটরবাইক দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।
যে সংস্থার মাধ্যমে বিভীষণ কাজে গিয়েছিলেন, তাদের প্রতিনিধিরা এবং সহকর্মীরা মৃতদেহ নিয়ে বুধবার রাতে নেকড়ে গ্রামে পৌঁছান। শেষবারের মতো প্রিয়জনকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।
স্থানীয় বাসিন্দাদের একাংশের আক্ষেপ, এলাকায় পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবেই এখনও বহু মানুষ জীবিকার তাগিদে ভিন্রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। সেই অনিশ্চিত পরিযায়ী জীবনই কখনও কখনও কেড়ে নিচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে, আর পিছনে ফেলে যাচ্ছে অসহায় এক পরিবার।