নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরপ্রধানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই ফের ধাক্কা ঝালদা পুরসভায়। এবার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়ার। বুধবার তিনি পুরপ্রধান, ঝালদার মহকুমা শাসক এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।
জবা মাছুয়ার দাবি, সম্পূর্ণ পারিবারিক সমস্যার কারণেই তিনি কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, এই পদত্যাগের সঙ্গে কোনও রাজনৈতিক কারণ জড়িত নয়।
তবে পরপর জনপ্রতিনিধিদের পদত্যাগ ঘিরে ঝালদার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ১২টি ওয়ার্ডের ঝালদা পুরসভায় নির্বাচনের পর তৃণমূলের পাঁচ, কংগ্রেসের পাঁচ এবং নির্দল দুই কাউন্সিলর ছিলেন। পরে দুই নির্দল ও কংগ্রেসের তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০-এ। এরপর ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুতে ঝালদা পুরসভার সদস্য সংখ্যা কমে ১১ হয়। সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের পুরপ্রধান সুরেশ আগরওয়াল পদত্যাগ করেন। তার পরেই জবা মাছুয়ার ইস্তফায় কার্যত নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ঝালদা পুরসভার সদস্য কমে হয়েছে ৯।