নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুরুলিয়া পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভেন্দু শর্মা। তার বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে।
গত সপ্তাহে বাঘমুন্ডির এক হোমিওপ্যাথি চিকিৎসক পরিতোষ মাঝি বাঘমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি জানান,এক ব্যক্তি নিজেকে সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে তার কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চিকিৎসকের কাজের জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি গাড়িতে করে এসেছিলেন। সেই গাড়ির সূত্র ধরে ওড়িশার যুবককে গ্রেফতার করে পুলিশ।