সাধারণ খবর শহর

১২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে হাসি ফোটালো পুরুলিয়া সদর থানা

এক অনন্য নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার সকালে পুরুলিয়া সদর থানা প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ জন প্রকৃত মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হলো।
১২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে হাসি ফোটালো পুরুলিয়া সদর থানা

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া শখের মোবাইল ফোনটি কি আদৌও কোনোদিন ফিরে পাওয়া সম্ভব? সাধারণ মানুষের মনে যখন এই প্রশ্ন নিয়ে একরাশ হতাশা তৈরি হয়, ঠিক তখনই সেই সংশয় দূর করে এক অনন্য নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার সকালে পুরুলিয়া সদর থানা প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ জন প্রকৃত মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ ঠাকুর, ডিএসপি (হেডকোয়ার্টার) সৈকত স্বর্ণকার এবং সদর থানার আইসি শিবনাথ পাল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে যাওয়া এই ফোনগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে।


এই ফোন উদ্ধারের পেছনে লুকিয়ে রয়েছে একাধিক আবেগঘন গল্প। এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নিলেন মুর্শিদাবাদের বাসিন্দা, বর্তমানে পুরুলিয়ার পড়ুয়া সম্পর্ণ বিশ্বাস
বলেন, "ভেবেছিলাম নিজের অসাবধানতায় ফোনটা যখন গেছে, ওটা আর পাব না। কিন্তু ফোনটা হাতে পেয়ে যে কী ভালো লাগছে বোঝাতে পারব না। পুরুলিয়া সদর থানার পুলিশ সত্যি দারুণ কাজ করেছে।"

অন্য এক আবেগঘন ঘটনার সাক্ষী শম্পা দাস। তাঁর মায়ের মোবাইলটি বাড়ি থেকেই চুরি হয়ে গিয়েছিল। বাড়ির সদর দরজা খোলা থাকার সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতী ফোনটি নিয়ে চম্পট দেয়। 
শম্পা জানান, "আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। মাত্র দু’মাসের মধ্যে পুলিশ যেভাবে ফোনটা খুঁজে বের করল, তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। মায়ের মুখে আবার হাসি ফুটেছে।"