নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ফের তুমুল বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়। ৩০ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ২০.৩৭ মিলিমিটার। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, এ দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে—৫৩.২ মিমি। বাঘমুন্ডিতে ৩৮.৩, হাতোয়াড়ায় ৩৭, মানবাজারে ২৫.৪ এবং বরাবাজারে ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এ ছাড়া কাশিপুরে ২০.৪, পুঞ্চায় ১৮.৪, হুড়ায় ১৪.৬, পাড়ায় ১৩.২, সাঁতুড়িতে ৬.৪, জয়পুরে ৮.২, ঝালদায় ৪.৭ এবং নিতুড়িয়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতার কথা জানানো হয়েছে।
ফলে বর্ষার শেষভাগেও বৃষ্টির দাপট অব্যাহত। গত কয়েক দফার বৃষ্টিতে পুরুলিয়ার দীর্ঘদিনের বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে। নতুন করে নিম্নচাপের বৃষ্টি সেই ঘাটতি আরও কমানোর পাশাপাশি জেলার জলাধার ও কৃষিক্ষেত্রে সুরাহা আনতে পারে। তবে একটানা ভারী বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কাও থাকছে।