ক্রাইম ব্লক

বিধায়কের নাম ভাঙিয়ে থানায় ফোন, গালিগালাজ; পুরুলিয়ার আড়শা থেকে গ্রেপ্তার যুবক

শনিবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। বিধায়কের দাবি, তাঁর নাম ব্যবহার করে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। সাংবাদিকদের কাছ থেকেই প্রথম বিষয়টি জানতে পারেন তিনি।
বিধায়কের নাম ভাঙিয়ে থানায় ফোন, গালিগালাজ; পুরুলিয়ার আড়শা থেকে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ফোনের ওপারে নিজেকে বিধায়ক বলে পরিচয়। তার পরই থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে ধমক, হুমকি এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ। প্রথমে বিষয়টি গুরুত্ব দিয়েই শুনেছিল পুলিশ। কিন্তু তদন্তে নেমে দেখা গেল, ফোনের ওপারে ছিলেন না কোনও জনপ্রতিনিধি। বরং পুরুলিয়ার এমন এক যুবক, যিনি পুরুলিয়ার বলরামপুরের বিধায়ক জলধর মাহাতোর নাম ভাঙিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত গত ৮ জুন রাতে। কলকাতার বাগুইআটি থানায় একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বলরামপুরের বিধায়ক বলে পরিচয় দেন। অভিযোগ, পরিচয় দেওয়ার পরই তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্তে নামে বিধাননগর পুলিশ কমিশনারেট। মোবাইল নম্বর ও লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, ফোনটি বিধায়কের নয়। তদন্তের সূত্র ধরে শেষ পর্যন্ত পুরুলিয়ার আড়শা থানা এলাকা থেকে প্রসিত মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শনিবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। বিধায়কের দাবি, তাঁর নাম ব্যবহার করে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। সাংবাদিকদের কাছ থেকেই প্রথম বিষয়টি জানতে পারেন তিনি।

বিধায়কের কথায়, ‘‘আমার নাম ব্যবহার করে পুলিশ বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা গুরুতর অপরাধ। এ ধরনের আচরণ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে আর কেউ কোনও জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে এ ধরনের কাজ করতে না পারে।’’

পুলিশ এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এর আগে অন্য কোনও ব্যক্তি বা জনপ্রতিনিধির নাম ব্যবহার করেও কোন কুকর্ম করেছিল কি না। তদন্ত চলছে।