নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বেপরোয়া গাড়ির ধাক্কা বাইককে। ঘটনায় গুরুতর আহত হল দুই বাইক আরোহী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া -জামসেদপুর ১৮ নং জাতীয় সড়কের বলরামপুর থানার বাঁশগড় এলাকায়। আহত দুই যুবকের নাম রাজেশ মাহাতো ও সন্দীপ মাহাতো। রাজেশের বাড়ি বাঘমুন্ডি থানার কুদনা গ্রামে ও সন্দীপের বাড়ি পুরুলিয়ার মহুলবনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তারা বাইকে করে বলরামপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি অজ্ঞাত পরিচয় চার চাকা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুজনেই । স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।