ব্লক

অজ্ঞাত গাড়ির ধাক্কায় আড়শার যুবকের মর্মান্তিক পরিণতি

জামশেদপুর থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন যুবক। কিন্তু মাঝপথেই ঘটে গেল চরম বিপত্তি। একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সজোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ওই বাইক আরোহীর।
অজ্ঞাত গাড়ির ধাক্কায় আড়শার যুবকের মর্মান্তিক পরিণতি

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

জামশেদপুর থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন যুবক। কিন্তু মাঝপথেই ঘটে গেল চরম বিপত্তি। একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সজোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ওই বাইক আরোহীর। মঙ্গলবার এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের উপর, পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত আমরুহাসা ব্রিজ এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম লক্ষ্মণ দাস। তাঁর বাড়ি পুরুলিয়ার আড়শা থানার তুম্বাঝালদা এলাকায়। এদিন জামশেদপুর থেকে নিজের বাইকে চেপে বাড়ির দিকেই রওনা দিয়েছিলেন লক্ষ্মণ। সেই সময়েই আমরুহাসা ব্রিজের কাছে আচমকা একটি অজানা গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে।

দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারাই। দেরি না করে তাঁরা তৎক্ষণাৎ খবর দেন স্থানীয় বলরামপুর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর পুলিশই ওই যুবককে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে পুলিশের তরফ থেকে ওই যুবকের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।