সাধারণ খবর শহর

ড্রেন -রাস্তার দাবিতে পুরুলিয়া শহরে তুমুল উত্তেজনা, অবরুদ্ধ রাজ্য সড়ক

পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শিমুলঘুটা এলাকায় ছড়ালো উত্তেজনা। জলনিকাশি ব্যবস্থার অভাব এবং নর্দমা তৈরির জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভ্যন্তরীণ বিবাদের জেরে স্তব্ধ হয়ে পড়ে পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়ক।
ড্রেন -রাস্তার দাবিতে পুরুলিয়া শহরে তুমুল উত্তেজনা, অবরুদ্ধ রাজ্য সড়ক

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া;

নিকাশি ড্রেন নির্মাণ এবং চলাচলের রাস্তা সংক্রান্ত সমস্যার জের ধরে পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শিমুলঘুটা এলাকায় ছড়ালো উত্তেজনা। জলনিকাশি ব্যবস্থার অভাব এবং নর্দমা তৈরির জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভ্যন্তরীণ বিবাদের জেরে স্তব্ধ হয়ে পড়ে পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়ক।

স্থানীয় সূত্রে ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, শিমুলঘুটা এলাকায় বসতি গড়ে উঠলেও বেশ কিছু বাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি চলাচলের পথ এবং জলনিকাশির সুব্যবস্থা নেই। অভিযোগ, ড্রেন বানানোর জন্য ব্যক্তিগত জমি ছাড়তে নারাজ অনেকে। ফলে জমে থাকা নিকাশির জল ও রাস্তার দাবিতে বিপাকে পড়া দুই-তিনটি পরিবার বাঁকুড়া-পুরুলিয়া মূল সড়ক আটকে বিক্ষোভ  করে।

আন্দোলনকারী চম্পা বাউরি বলেন, "রাস্তা এবং ড্রেনের দাবিতেই এই বিক্ষোভ। জল জমায় নিত্যদিনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকলের সুবিধার কথা ভেবেই আমরা এই দাবি তুলেছি।"
পুরুলিয়া বিজেপি শহর সভাপতি রাজেশ মণ্ডল জানান, "এখানে মূলত দুই-তিনটি পরিবারের নিকাশি ও রাস্তার সমস্যা রয়েছে। রাস্তা না দেখেই অনেকে জমি কিনেছেন, আবার ড্রেন তৈরির জন্য কেউ নিজের জায়গা ছাড়তে চাইছেন না। ফলে জল জমে থাকছে। আমরা তাঁদের নথি বা দলিল খতিয়ে দেখে সমাধান করার আশ্বাস দিয়েছি। পার্টি অফিসে ডেকে তাঁদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। আসেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।