নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
জেলায়-জেলায় ক্রমশ ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধীদের জাল! কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদার পর এবার সাইবার অপরাধীদের কোপে রঘুনাথপুরের বিজেপি বিধায়ক মামনি বাউরি হ্যাক করা হলো তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ সমাজ মাধ্যমও। এমনকি তাঁর ফোন নম্বরও।
ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার সকালে ঘটে যায় এই ঘটনা। বিধায়কের অ্যাকাউন্টটি নিজের দখলে নেওয়ার পরপরই, সেই নম্বর ব্যবহার করে তাঁর পরিচিত, ঘনিষ্ঠ ব্যক্তি এবং অনুগামীদের কাছে জরুরি টাকার প্রয়োজন দেখিয়ে মেসেজ পাঠাতে শুরু করে সাইবার প্রতারকরা।
রঘুনাথপুরের বিধায়ক মামনি বিউরি জানান,"আমায় রাজনৈতিক ও সামাজিক ভাবে বদনাম করার উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে। সকাল থেকেই আমার পরিচিত মানুষদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো শুরু করে প্রতারকরা। বিষয়টি জানার পরই আমি সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সতর্ক করি, যাতে কেউ এই প্রতারণার ফাঁদে না পড়েন।"
ঘটনায় ইতিমধ্যেই নিতুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। উল্লেখ্য, এর আগেও কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা ঠিক একই ধরনের সাইবার প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পরপর দুই বিধায়কের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতারকদের সন্ধান চালাতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।