নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও আদ্রা :
সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ করতে অভিনব উদ্যোগ জেলা পুলিশ সুপার কুমার সন্নী রাজের। জেলার সমস্ত থানা এলাকায় জরুরি যোগাযোগ নম্বর-সহ ইনফর্মেশন স্লিপ বিলির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্লিপে সংশ্লিষ্ট থানার মোবাইল নম্বর, থানা আধিকারিকের সরাসরি যোগাযোগ নম্বর এবং জেলা সদরের জরুরি যোগাযোগের তথ্য দেওয়া রয়েছে। বিপদের সময়ে সাধারণ মানুষ যাতে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন, তাই এই উদ্যোগ।
রবিবার আদ্রার কমলাস্থানে রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ ও আদ্রা থানার আইসি আশীষ মজুমদার এই স্লিপ বিলি করেন। পুরুলিয়াতেও ডিএসপি (অপারেশন) তথা দায়িত্বপ্রাপ্ত ডিএসপি (ডি অ্যান্ড টি) সৈকত স্বর্ণকার ও মফস্বল থানার আইসি বিভাস রায় বিতরণ করেন স্লিপ। জেলা পুলিশের দাবি, এই উদ্যোগে জনসংযোগ যেমন বাড়বে, তেমনই অপরাধ দমনে দ্রুত তথ্য আদান-প্রদানও সম্ভব হবে।