নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিখোঁজ হওয়া এক নাবালিকাকে দ্রুত উদ্ধার করল টামনা থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীকে ইতিমধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে টামনা থানার আধিকারিকরা। সূত্র ধরে কোটশিলা এলাকার জিউদারু গ্রামে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং সেখান থেকেই বাসুদেব কালিন্দী নামে এক যুবককে আটক করা হয়।
পরিবারের দাবি, সোমবার দুপুরে প্রায় ১৬ বছরের ওই কিশোরী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর আর ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই যুবক তাকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার অপহরণের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জামিনে মুক্তি দেন।
পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।