নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চলন্ত ট্রাকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া-বাঁকুড়া ৩১৪ নং জাতীয় সড়কে। তবে স্থানীয় সিভিক পুলিশ ও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাকের চালক ও খালাসি। দুর্ঘটনায় ট্রাকটির ইঞ্জিন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেলেও, চালক ও খালাসির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এবং তৎপরতার সঙ্গে রক্ষা পেয়েছে ট্রাকে থাকা মূল্যবান সামগ্রীও। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া মফস্বল থানার সিদপুরের কাছে ঘটনাটি ঘটে।হঠাৎই যানটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।