নিজস্ব প্রতিনিধি, হুড়া:
গালিগালাজের প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সুধাকর মাঝি। তার বাড়ি হুড়া থানার লধুড়কা গ্রামে।
গত শুক্রবার, হুড়া থানার লধুড়কা গ্রামের বাসিন্দা মেঘনাদ কুম্ভকার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, বুধবার সন্ধ্যায় গ্রামের একটি মন্দিরের পাশে তাকে গালাগালি করছিল অভিযুক্ত। প্রতিবাদ করে সে। এর পরেই অভিযুক্ত সুধাকর তার ভাই দেবজিতকে ডেকে আনে। তারপর দুজন মিলে লাঠি দিয়ে তাকে মারধর করে। যার ফলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।