ব্লক

বিধায়কের মাস্টার স্ট্রোক! মিটবে পুরুলিয়ার জল সংকট?

পুরুলিয়া শহর ও লাগোয়া এলাকার মানুষকে জল সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই সোমবার পুরুলিয়া-১ নং ব্লকের ভান্ডাপুয়াড়ায় কংসাবতী নদী পরিদর্শন করলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।
বিধায়কের মাস্টার স্ট্রোক! মিটবে পুরুলিয়ার জল সংকট?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


পুরুলিয়া শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা হলো তীব্র জলসংকট। এবার শহর ও লাগোয়া এলাকার মানুষকে এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই সোমবার  পুরুলিয়া-১ নং ব্লকের ভান্ডাপুয়াড়ায় কংসাবতী নদী পরিদর্শন করলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, ভান্ডাপুয়াড়ায় কংসাবতী নদীর উপর একটি বাঁধ নির্মাণের চিন্তাভাবনা চলছে। এখানে এই বাঁধটি তৈরি করা সম্ভব হলে পুরুলিয়া-১ ও ২ নম্বর ব্লক, পুঞ্চা এবং হুড়া ব্লকের জলসংকট অনেকটাই দূর হবে। এর ফলে এলাকার মানুষ যেমন পর্যাপ্ত পানীয় জল পাবেন, তেমনই কৃষিকাজের জন্য মিলবে সেচের জলও। যা কৃষির উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও শিল্পের বিকাশেও ইতিবাচক পরিবর্তন আনবে।

পুরুলিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে জলের এই সমস্যার একটি স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য সামনে রেখেই এই সম্ভাব্য প্রকল্প নিয়ে এদিন প্রাথমিক পর্যায়ে আলোচনা ও এলাকা পরিদর্শন করা হয়। এদিনের এই পরিদর্শনে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন সেচ ও জলপথ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ চক্রবর্তী এবং পুরুলিয়া সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুদীপ্ত পাল।