নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে মানবাজার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো ভারত কেশরী, প্রখ্যাত শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সোমবার সকালে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। সকালের স্নিগ্ধ আলোয় এলাকা পরিক্রমার পর সমবেত কণ্ঠে ‘বন্দেমাতরম’ ধ্বনি ও প্রার্থনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। খুদে পড়ুয়াদের সুপ্ত প্রতিভা বিকাশের এক চমৎকার মঞ্চ হয়ে উঠেছিল এই আয়োজন। এদিন ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল একগুচ্ছ প্রতিযোগিতার। আবৃত্তি, বক্তৃতা, ক্যুইজ প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের নাচ ও গানের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল এক এলাহি আয়োজন। বিদ্যালয়ের সমস্ত পড়ুয়া এবং উপস্থিত সকলের জন্য একটি পুষ্টিকর ও সুস্বাদু 'তিথি ভোজন'-এর ব্যবস্থা করা হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, মাংস এবং চাটনি। উৎসবের মেজাজে একসঙ্গে বসে দুপুরের এই ভোজ পড়ুয়াদের মুখে বাড়তি আনন্দ এনে দেয়।