ক্রাইম ব্লক

আন্ত: রাজ্য মাদক পাচার চক্রে পুরুলিয়া পুলিশের বিরাট সাফল্যে প্রশংসা মুখ্যমন্ত্রীর

আন্ত:রাজ্য মাদক পাচার চক্রে কলকাতা পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যে বড়সড় সাফল্য পেয়েছে তাকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্ত: রাজ্য মাদক পাচার চক্রে পুরুলিয়া পুলিশের বিরাট সাফল্যে প্রশংসা মুখ্যমন্ত্রীর

 

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

আন্ত:রাজ্য মাদক পাচার চক্রে কলকাতা পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যে বড়সড় সাফল্য পেয়েছে তাকে কুর্নিশ জানিয়েছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর টুইট, "আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির দ্রুত, সমন্বিত এবং দৃঢ় পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। একটি বড় সাফল্যে, গতকাল রাতে কলকাতা পুলিশ এসটিএফ, পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় একটি বড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্র সফলভাবে রুখে দিয়েছে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে, পুরুলিয়া সদর থানার অধীন বেলকুড়ি টোল প্লাজার কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে  একটি ট্রাক আটক করা হয়। চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি গোপন খুপরি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ দ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। ওড়িশা থেকে আসানসোলের দিকে ট্রাকটির সাথে যাওয়া দুটি এসকর্ট গাড়িকেও আটক করা হয় এবং মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবৈধ মাদক পাচার এবং আমাদের যুব সমাজ ও সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যে কোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি  বজায় রাখে। আমি আমাদের পুলিশ কর্মীদের অক্লান্ত নজরদারি ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। আমরা লোহার মতো কঠোর হাতে অপরাধী চক্রগুলিকে নির্মূল করতে থাকবো।"
স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় খুশি পুরুলিয়া জেলা পুলিশ। তাই পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। গত তিনদিন ধরে গাঁজা পাচারের গতিবিধির উপর নজর রেখে ৭ জন অভিযুক্তকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে পুরুলিয়া জেলা পুলিশের সমগ্র  টিমকে তিনি অভিনন্দন জানান। সেই সঙ্গে পুরুলিয়া পুলিশ সমস্ত ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে কাজ করে যাবে বলে জানান।