নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের নির্দেশে দেশজুড়ে শুরু হয়েছে শিশু ও কিশোর শ্রমিক উদ্ধার, পুনর্বাসন এবং পথশিশুমুক্ত সমাজ গড়ার বিশেষ অভিযান। সেই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পুরুলিয়া জেলা জুড়েও পুরোদমে চালু রয়েছে এই নজরদারি। জেলা প্রশাসনের নির্দেশনায় শনিবার বাঘমুণ্ডি ব্লকের বিভিন্ন এলাকা জুড়ে এক যৌথ তল্লাশি অভিযান চালায় জেলা টাস্ক ফোর্স ।
জেলা টাস্ক ফোর্সের এই দলটি বাঘমুণ্ডি অঞ্চলের একাধিক হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, গ্যারেজ, বেকারি ইউনিট, শোরুম, লজ ও খাবারের দোকানে অভিযান চালায়। একই সঙ্গে স্থানীয় বাস স্ট্যান্ড ও কল-কারখানা এলাকাতেও কড়া তল্লাশি চালানো হয়।
অভিযান চালিয়ে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন, ১৪ বছরের কম বয়সী শিশুদের যে কোনো কাজে নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।কিশোরদের কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করা যাবে না।
নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
এই অভিযানে শ্রম কমিশনারেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির পরিদর্শক পুরুষোত্তম হেমব্রম, আড়শার পরিদর্শক কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং পুরুলিয়া সদরের পরিদর্শক তন্ময় পণ্ডা। এছাড়া জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান দীপঙ্কর সরকার, জেলা চাইল্ড হেল্পলাইন ইউনিটের জেলা প্রকল্প সমন্বয়ক পিন্টু তেওয়ারি, সুপারভাইজার শরদিন্দু দাস, কাউন্সেলর বিজয় লক্ষ্মী গিরি এবং বাঘমুণ্ডি থানার স্থানীয় পুলিশ কর্মীরা এই যৌথ অভিযানে অংশ নেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে পথশিশু বা শিশু শ্রমের ঘটনা দেখলে তৎক্ষণাৎ ২৪ ঘণ্টার টোল ফ্রি নম্বর এ যোগাযোগ করেন, তার জন্য সচেতনতা প্রচার চালানো হচ্ছে। সম্পূর্ণ জেলাকে শিশু শ্রমমুক্ত না করা পর্যন্ত আগামী দিনে পুরুলিয়ার অন্যান্য ব্লকগুলোতেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে।
এদিন অযোধ্যা মোড় সংলগ্ন এলাকা থেকে এক শিশু শ্রমিককে উদ্ধার করে ওই টিম। সোমবার তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পেশ করা হচ্ছে।