ক্রাইম ব্লক

মোটরবাইকে কয়লা পাচার, ঝালদায় ধৃত ১

গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাসহ এক পাচারকারীকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং প্রায় ৪ কুইন্টাল ৯৫ কেজি স্টিম কয়লা।
মোটরবাইকে কয়লা পাচার, ঝালদায় ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাসহ এক পাচারকারীকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং প্রায় ৪ কুইন্টাল ৯৫ কেজি স্টিম কয়লা।


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার  রাত ৮টা নাগাদ নির্ভরযোগ্য মারফত পুলিশের কাছে কয়লা পাচারের খবর আসে। খবর পাওয়া মাত্রই ঝালদা থানার একটি বিশেষ পুলিশ দল ঝালদা রেল গেটের কাছে গোলা–ঝালদা রোডের ওপর ওত পেতে থাকে। সন্দেহভাজন দুটি মোটরসাইকেল আসতেই সেগুলিকে আটক করে পুলিশ।

মোটরসাইকেল দুটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। দেখা যায়, মোট ১১টি বস্তায় প্যাক করে প্রায় ০৪ কুইন্টাল ৯৫ কেজি স্টিম কয়লা  অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। পাচারের কাজে ব্যবহৃত হিরো হোন্ডা প্যাশন প্রো এবং হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল দুটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের গাড়ি দেখেই ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের এক আরোহী চম্পট দিতে সক্ষম হলেও, অন্যজনকে ধরে ফেলে পুলিশের দল। ধৃত ব্যক্তির নাম রাজেশ সাউ। সে ঝাড়খণ্ডের বোকারো জেলার কাসমার থানার অন্তর্গত বাগিয়ারি গ্রামের বাসিন্দা ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত রাজেশ সাউ ওই কয়লা কোথা থেকে সংগ্রহ করেছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে কারা জড়িত এই সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র বা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ধৃতের বিরুদ্ধে ঝালদা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই চক্রের মূল শিকড় কতদূর বিস্তৃত এবং পলাতক অপর আরোহীর খোঁজে তল্লাশি চালাতে ধৃত ব্যক্তিকে ৩ দিনের পুলিশ হেফাজতের  আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।