নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
রথযাত্রা উৎসবের আনন্দের মাঝেই ঘটে গেল এক অনভিপ্রেত দুর্ঘটনা। জগন্নাথ দেবের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপত্তি ঘটে বলরামপুর শহরের কালী মন্দির ও ইলেকট্রিক অফিসের মধ্যবর্তী এলাকায়। রথের একাংশ রাস্তার ধারের একটি গাছের ডালের সঙ্গে আটকে গিয়ে ভেঙে পড়ে কাঠের চূড়া। এই দুর্ঘটনায় এক জন গুরুতরসহ মোট দুই জন জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে রাস্তায় তখন উপচে পড়া ভিড়। জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল রথটি। বলরামপুর শহরের কালী মন্দির ও ইলেকট্রিক অফিসের মাঝামাঝি এলাকায় পৌঁছাতেই রাস্তার পাশে থাকা একটি গাছের ডালের সঙ্গে রথের ওপরের অংশের ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় রথের ওপর থাকা একটি ছোট কাঠের চূড়া ভেঙে সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের ওপর এসে পড়ে।
রথের চূড়াটি ভেঙে পড়ায় দুই জন জখম হন ঝাড়খণ্ডের নিমডি থানার শিরুমহাতিরোল গ্রামের বাসিন্দা বাবলু কুমার। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।
ঘটনায় আরও একজন আহত হলেও তাঁর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।