নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
সকালে জমিতে সবজি তুলতে গিয়েই মারাত্মক কাণ্ড! জালে আটকে বিশাল অজগর। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার মানবাজার থানার নডিহা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নডিহা গ্রামের এক চাষী তাঁর ক্ষেতের সবজি বাঁচাতে প্লাস্টিকের জাল দিয়ে চারপাশে ঘিরে রেখেছিলেন। সেই জালেই আটকে পড়ে প্রায় ৯ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের একটি বিশালাকৃতি অজগর।
জালের শক্ত বাঁধনে সাপটি ছটফট করতে থাকলে বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। খবর চাউর হতেই আশপাশের মানুষ ভিড় জমান। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান মানবাজার রেঞ্জের সিঁদুরপুর বিটের বনকর্মীরা। তাঁরা অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করেন।
বনদফতর সূত্রে জানা গেছে, অজগরটির শারীরিক অবস্থা পুরোপুরি নিশ্চিত করতে আপাতত সেটিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।