নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সারাদেশ জুড়ে নিট পরীক্ষা সংক্রান্ত বিতর্ক এবং দিল্লিতে যন্তর মন্তরের পাশাপাশি কলকাতায় ছাত্র মিছিলে আইনি পদক্ষেপের জল গড়িয়েছে জেলা স্তরেও। দিল্লিতে যন্তর মন্তর ও কলকাতায় সাম্প্রতিক ছাত্র আন্দোলনের জেরে পুলিশি হেফাজতে যাওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সরব হলো বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও । রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবে পুরুলিয়া শহরের ব্যস্ততম জেলা স্কুল মোড়ে এক অঙ্গীকার সভার আয়োজন করে সংগঠনটি।
অঙ্গীকার সভা থেকে মূলত তিনটি দাবি সামনে রেখে ক্ষোভ উগড়ে দেন সংগঠনের নেতারা, নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এনটিএ ব্যবস্থার অবলুপ্তি দাবি করা হয়। দিল্লি ও কলকাতায় আন্দোলনের সময় আটক ও গ্রেপ্তার হওয়া সমস্ত ছাত্র-আন্দোলনকারীকে অবিলম্বে ও নিঃশর্তে রেহাই দেওয়ার দাবি ওঠে।
নিট ও অন্যান্য কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার কারচুপির সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ দাবি করেন, শিক্ষার অধিকার রক্ষা এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই তাঁদের এই প্রতিবাদ। পথসভায় উপস্থিত ছিলেন এআইডিএসও-র পুরুলিয়া দক্ষিণ জেলা কমিটির সভাপতি তন্ময় মহাপাত্র, দক্ষিণ জেলা কমিটির সম্পাদক ভবতারন কুমার, পুরুলিয়া উত্তর জেলা কমিটির সম্পাদক অভিজিৎ মাহাতো এবং দক্ষিণ জেলা কমিটির কোষাধ্যক্ষ বিপিন মাঝি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।