নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
উধাও হয়েছিল এক যুবকের বাইক। ঝালদা রেল স্টেশন চত্বর থেকে। আর সেই চুরির কিনারা করতে গিয়েই ঝালদা থানার পুলিশের জালে ধরা পড়ে গেল আস্ত এক বাইক চোরচক্র । বাঘমুন্ডির পর এবার ঝালদা থানার পুলিশ বাইক চোর চক্রের পর্দাফাঁস করল। সোমবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে মোট ৯টি চোরাই বাইক। এই চক্রের মূল পান্ডাসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঝালদা থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ। তাঁর পাশে উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি শেষ কুমার।
মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ বলেন, "গত ২৭ মে ঝালদা রেলস্টেশনের কাছের একটি মেডিকেল সেন্টারের সামনে থেকে কোটশিলা থানার ওলডি গ্রামের বাসিন্দা অমিত কুমারের বাইক চুরি যায়। ঘটনার গুরুত্ব বিচার করে আমরা তৎক্ষণাৎ তদন্তে নামি। সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের খবর ভিত্তি করে প্রথমে শেখ আসিফ রাজা নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে হেফাজতে নিয়ে জেরা করতেই এই চক্রের জাল কতটা গভীরে, তা স্পষ্ট হয়ে যায়।"
তিনি আরও বলেন, "ধৃত আসিফ রাজার সূত্র ধরেই পুলিশি জালে ধরা পড়ে এই চক্রের আরও দুই পাণ্ডা লুপুংডিহ গ্রামের কুদ্দুর কুমার যার বিরুদ্ধে আগেও কোটশিলা থানায় চুরির মামলা রয়েছে এবং বাগানডি এলাকার শেখ ইমরোজ। ধৃত তিন অপরাধীকে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই চোরাই গাড়িগুলো কোথায় পাচার করার উদ্দেশ্য ছিলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।"