সুইটি চন্দ্র, পুরুলিয়া
রাজ্য মন্ত্রীসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের জেলায় পৌঁছালেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ারচাঁদ বাউরী। মঙ্গলবার বিকেলে তাঁর পুরুলিয়া আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও বেড়েছে উন্নয়ন সংক্রান্ত প্রত্যাশা।
তাঁকে ঘিরে এদিন দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন মন্ত্রীকে বরণ করে নিতে পুরুলিয়া শহরে আয়োজন করা হয় একটি বিশাল বর্ণাঢ্য বাইক র্যালির। কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর নবনিযুক্ত রাষ্ট্রমন্ত্রী সরাসরি জেলা পার্টি অফিসে এসে উপস্থিত হন। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ জেলার একাধিক নেতৃত্ব।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে নদীয়ারচাঁদ বাউরী বলেন,"পুরুলিয়া সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে এখনও যে প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষগুলো রয়েছেন, তাঁদের অধিকার সুনিশ্চিত করাই আমার প্রথম এবং প্রধান কাজ। এই মন্ত্রীত্ব আসলে পুরুলিয়ার সাধারণ মানুষের লড়াইয়ের জয়। দল আমার ওপর যে ভরসা রেখেছে, তার মর্যাদা দিয়ে আমি পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে উজাড় করে দেব।"