নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রাক্-বর্ষার বৃষ্টিতে বুধবার ভিজল পুরুলিয়ার একাধিক এলাকা। ১১ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১৯.২৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে—৮৪.৩ মিমি। বরাবাজারে রেকর্ড হয়েছে ৬৮.০ মিমি বৃষ্টিপাত।
বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমেছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৯ ডিগ্রি। বিশেষ করে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন জেলাবাসী।
সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। বিকেলের দিকে জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হয়। বলরামপুর ও বরাবাজারে অল্প সময়ের মধ্যেই ভারী বর্ষণ হয়েছে, যদিও জেলার অন্যান্য অংশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম।
আবহাওয়া মহলের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে। তারই প্রভাবে প্রাক্-বর্ষার বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের আশা, অনুকূল পরিস্থিতি বজায় থাকলে খুব শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক আগমন হতে পারে।