ক্রাইম শহর

ঝালদায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে পুলিশের রেইড, ধৃত ব্যবসায়ী

স্থানীয়দের দাবি, টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। পরে ওই ব্যবসায়ীকে পুলিশ নিজেদের সঙ্গে নিয়ে যায়।ধৃতের নাম টুনু খান। তার বাড়ি ঝালদা শহরের ৭ নম্বর ওয়ার্ডে
ঝালদায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে পুলিশের রেইড, ধৃত ব্যবসায়ী

 

নিজস্ব প্রতিনিধি , ঝালদা;

দুপুরবেলা আচমকাই ঝালদার এক বিড়ি ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলল পুলিশ। একই সঙ্গে তল্লাশি চালানো হল তাঁর নির্মীয়মাণ কারখানাতেও। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই অভিযানের শেষে ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রের দাবি। মঙ্গলবার ঝালদা শহরের ৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার দুপুরের এই অভিযানে পুলিশের পাশাপাশি ভূমি দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বাড়ি ও কারখানার বিভিন্ন নথি, নির্মাণ-সংক্রান্ত বিষয় এবং অন্যান্য দিক দীর্ঘক্ষণ ধরে খতিয়ে দেখা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সরকারি জমিতে বিপুল পরিমাণ বালি বেআইনি ভাবে মজুতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম টুনু খান। পুলিশ জানিয়েছে, ঝালদা-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৫ হাজার সিএফটি বালি। প্রশাসনের দাবি, বালি মজুতের বৈধ অনুমতি বা প্রয়োজনীয় নথি পেশ করার জন্য টুনু খানকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কোনও বৈধ নথি জমা পড়েনি। এরপর ঝালদা-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে মজুত করা বালি সরকারি হেফাজতে নেওয়া হয়।