স্বাস্থ্য ব্লক

রক্তের সংকট মেটাতে অভিনব উদ্যোগ সাঁতুড়িতে

সাঁতুড়িতে এবারের রক্তদান শিবিরের মূল আকর্ষণ হয়ে রইল নারী শক্তির এক অভূতপূর্ব জাগরণ। পুরুষের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে জীবনের প্রথমবার রক্তদানের মঞ্চে এগিয়ে এলেন চার বীরাঙ্গনা।
রক্তের সংকট মেটাতে অভিনব উদ্যোগ সাঁতুড়িতে

 

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:


গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে রক্তের হাহাকার, ঠিক তখনই অনন্য মানবিকতার নজির দেখা গেলো সাঁতুড়িতে। তবে এবারের রক্তদান শিবিরের মূল আকর্ষণ হয়ে রইল নারী শক্তির এক অভূতপূর্ব জাগরণ। পুরুষের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে জীবনের প্রথমবার রক্তদানের মঞ্চে এগিয়ে এলেন চার বীরাঙ্গনা। তাঁদের এই সাহসকে কুর্নিশ জানিয়ে রক্তসংকট মেটাতে কাঁধে কাঁধ মেলালেন ব্লকের প্রশাসনিক প্রধান থেকে শুরু করে সাধারণ সিভিক ভলান্টিয়ার ও শিক্ষকেরা।

শনিবার সাঁতুড়ি সানরাইজ গ্রুপ ও সাঁতুড়ি দূষণ বিরোধী মঞ্চের যৌথ সহযোগিতায় এবং সাঁতুড়ি হাসপাতালের বিশেষ উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে মোট ৪৭ জন রক্তদাতা অত্যন্ত উৎসাহের সাথে রক্তদান করেন।

রক্তদাতা কৃষ্ণা মণ্ডল বলেন, "রক্তে যদি একটাও প্রাণ বাঁচে, তবেই আমাদের নারীজন্ম সার্থক। আশা করি আমাদের দেখে আগামীদিনে আরও অনেক বোন ও মায়েরা রক্তদানে এগিয়ে আসবেন।"

শুধু মহিলারাই নন, সাধারণ মানুষকে উৎসাহিত করতে নিজে রক্ত দিয়ে নজির গড়লেন সাঁতুড়ির বিডিও পার্থ দাস এবং পঞ্চায়েত প্রধান হারাধন হেমব্রম। এছাড়াও সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে রক্ত দেন ৬ জন সিভিক ভলান্টিয়ার, শিক্ষক মণ্ডলী এবং এলাকার একঝাঁক উদ্যমী যুবক।
সাঁতুড়ি সানরাইজ শিক্ষক শান্ত কুমার সরেন বলেন, "একটি সুস্থ সমাজ গঠনে প্রশাসন, শিক্ষক এবং সাধারণ যুবসমাজের এই মেলবন্ধন সত্যিই দেখার মতো। বিশেষ করে আজ আমাদের এলাকার মহিলারা যে সাহস দেখালেন, তা গোটা ব্লকের জন্য গর্বের। রক্তসংকট মেটাতে এই ধরণের সামাজিক আন্দোলন পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়া দরকার।"
এদিনের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক গোবিন্দ বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক বুবাই মণ্ডল সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের আশা, সাঁতুড়ির এই সম্মিলিত উদ্যোগ আগামী দিনে অন্যান্য অঞ্চলের কাছেও রক্তসংকট মোকাবিলার একটি আদর্শ মডেল হয়ে উঠবে।