সাধারণ খবর শহর

পুরুলিয়ায় তৃণমূলের সিদ্ধান্তই বজায় রাখলো বিজেপি

তৃণমূল পরিচালিত পুর বোর্ড ভেঙে দিয়েছিল তৃণমূল সরকার। ১৬ই ডিসেম্বর, ২০২৫। পুরুলিয়া পুরসভার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়েছিল ছয় মাসের জন্য। এবার বিজেপি সরকার পুরুলিয়া পুরসভার প্রশাসকের মেয়াদ বাড়লো আরও ১ বছর। ১৬ জুন থেকে কার্যকর হবে এই নির্দেশ।
পুরুলিয়ায় তৃণমূলের সিদ্ধান্তই বজায় রাখলো বিজেপি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

তৃণমূল পরিচালিত পুর বোর্ড ভেঙে দিয়েছিল তৃণমূল সরকার। ১৬ই ডিসেম্বর, ২০২৫। পুরুলিয়া পুরসভার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়েছিল ছয় মাসের জন্য। এবার বিজেপি সরকার পুরুলিয়া পুরসভার প্রশাসকের মেয়াদ বাড়লো আরও ১ বছর। ১৬ জুন থেকে কার্যকর হবে এই নির্দেশ। পুরুলিয়া পুরসভার নির্বাচিত পুর বোর্ড ভেঙে দেওয়ার ছয় মাস পরও ভোটের দিনক্ষণ ঘোষণা হল না। বরং প্রশাসক ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়া সদর মহকুমাশাসক (এসডিও)কে প্রশাসক হিসেবে দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। আগামী ১৬ জুন, ২০২৬ থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

গত ১৬ ডিসেম্বর, ২০২৫-এ পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩-এর ৪৩১ ধারার অধীনে পুরুলিয়া পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে নাগরিক পরিষেবা সচল রাখতে পুরুলিয়া সদর মহকুমাশাসককে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করেছিল রাজ্য সরকার।

আইন অনুযায়ী, পুর বোর্ড ভেঙে যাওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। তবে রাজ্য সরকারের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই পৌর আইনের ৪৩১ ধারার তৃতীয় প্রভিসো অনুযায়ী প্রশাসকের মেয়াদ আরও সর্বাধিক ১২ মাস পর্যন্ত বাড়ানোর ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।

নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের বিশেষ সচিব স্বাক্ষরিত ১২ জুন, ২০২৬-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুলিয়া সদর এসডিও আগামী ১৬ জুন থেকে আরও এক বছরের জন্য পুরুলিয়া পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অথবা সরকার নতুন নির্দেশ জারি না করা পর্যন্ত ওই দায়িত্বে বহাল থাকবেন।