সুইটি চন্দ্র, পুরুলিয়া:
জেলা জুড়ে নাগরিক নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এবং পুলিশ ও জনসাধারণের মধ্যে দূরত্ব কমাতে এক অভিনব জনসংযোগ কর্মসূচি শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার সন্নী রাজ-এর বিশেষ নির্দেশে জেলার সমস্ত থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হচ্ছে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিপদে পড়লে সাধারণ মানুষ যাতে কোনো রকম হেনস্থা ছাড়াই অত্যন্ত দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন তা নিশ্চিত করা।
সাধারণ মানুষের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে ছোট ছোট তথ্য সম্বলিত স্লিপ তৈরি করা হয়েছে। এই স্লিপগুলি বাড়ি বাড়ি গিয়ে কিংবা বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা। এই স্লিপটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে ।
এলাকার নির্দিষ্ট থানার মোবাইল নম্বর এমনকি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে সরাসরি কথা বলার মোবাইল নম্বরও সেখানে থাকছে। যে কোনো বড়সড় আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি জেলা সদরের সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া হচ্ছে। অনেক সময়ই দেখা যায় জরুরি বিপদের মুহূর্তে সাধারণ মানুষ সঠিক যোগাযোগ নম্বর খুঁজে পান না। এই উদ্যোগের ফলে প্রতিটি নাগরিকের হাতের মুঠোয় থাকবে প্রয়োজনীয় নম্বরগুলি। এর ফলে একদিকে যেমন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তেমনই অন্যদিকে সমগ্র জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।
ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকার জনবহুল মোড়, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে পুলিশের পক্ষ থেকে এই স্লিপ বিলির কাজ শুরু হয়েছে। পুলিশের এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পুরুলিয়ার সাধারণ মানুষ।