অন্যান্য

বর্ষার অপেক্ষায় পুরুলিয়া, ৩৭ ডিগ্রি ছুঁলো পারদ, রাতেও স্বস্তি নেই

জেলার মানুষ এখন তাকিয়ে আছেন বর্ষার দিকে। কারণ, টানা কয়েক দিনের এই গরম ও গুমোট আবহাওয়া থেকে স্থায়ী স্বস্তি দিতে পারে একমাত্র মৌসুমি বৃষ্টিই।
বর্ষার অপেক্ষায় পুরুলিয়া, ৩৭ ডিগ্রি ছুঁলো পারদ, রাতেও স্বস্তি নেই

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জুনের দ্বিতীয় দিনেও গরমের দাপট অব্যাহত পুরুলিয়ায়। ২ জুন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

এক দিনের ব্যবধানে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে আরও চিন্তার বিষয়, রাতের তাপমাত্রাও ২৬ ডিগ্রির উপরে থাকায় ভোরের দিকেও স্বস্তি মিলছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি আরও প্রকট হয়ে উঠছে।

সকাল থেকেই ছিল উজ্জ্বল রোদ। দুপুরের দিকে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ না করায় গরম ও আর্দ্রতার যুগল প্রভাব বজায় রয়েছে। ফলে প্রকৃত তাপমাত্রা ৩৭ ডিগ্রি হলেও অনুভূত তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেশি বলে মনে হচ্ছে। পাহাড় বাদে বাকি বঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে বুধবার থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে।

জেলার মানুষ এখন তাকিয়ে আছেন বর্ষার দিকে। কারণ, টানা কয়েক দিনের এই গরম ও গুমোট আবহাওয়া থেকে স্থায়ী স্বস্তি দিতে পারে একমাত্র মৌসুমি বৃষ্টিই।