রাজনীতি

বিজেপিতে বাড়ছে পুরুলিয়ার গুরুত্ব, জ্যোতির্ময় কি কেন্দ্রীয় মন্ত্রী? নাকি রাজ্য সভাপতি?

জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে ঘিরে শুরু হয়েছে অন্য জল্পনা। তিনি কি আগামী দিনে রাজ্য বিজেপির সভাপতি পদে আসছেন? নাকি কেন্দ্রীয় স্তরে তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হতে পারে? দলের অন্দরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
বিজেপিতে বাড়ছে পুরুলিয়ার গুরুত্ব, জ্যোতির্ময় কি কেন্দ্রীয় মন্ত্রী? নাকি রাজ্য সভাপতি?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্য বিজেপির অন্দরে ফের চর্চায় পুরুলিয়া। বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জায়গা পেয়েছেন জেলার আট নেতা। তালিকায় রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা, প্রাক্তন বিধায়ক বানেশ্বর মাহাতো, নরহরি মাহাতো ও বিবেকানন্দ বাউরি। রয়েছেন শ্রীপতি মাহাতো, প্রহ্লাদ চন্দ্র মাঝি, গৌতম রায় এবং কাবেরী চট্টোপাধ্যায়ও। ফলে রাজ্য বিজেপির সাংগঠনিক পরিসরে পুরুলিয়ার প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর মধ্যেই জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে ঘিরে শুরু হয়েছে অন্য জল্পনা। তিনি কি আগামী দিনে রাজ্য বিজেপির সভাপতি পদে আসছেন? নাকি কেন্দ্রীয় স্তরে তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হতে পারে? দলের অন্দরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সৌজন্যে রাজ্য ও কেন্দ্রের রাজনীতিতে পুরুলিয়ার সাংসদ হিসেবে জ্যোতির্ময়ের গুরুত্ব বৃদ্ধি। ২০১৯ সালে প্রথম বার লোকসভায় নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালেও পুরুলিয়া থেকে জয়ী হন তিনি। বর্তমানে তিনি সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য। পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের পরামর্শদাতা কমিটিরও সদস্য।

সংসদে পুরুলিয়ার বিভিন্ন দাবি নিয়েও তিনি সক্রিয়। সাম্প্রতিক সময়ে লাক্ষা শিল্প, সৈনিক স্কুল, ভারী শিল্প, রেল যোগাযোগ, আদিবাসী উন্নয়ন-সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 
অন্যদিকে তিনি বিজেপির রাজ্য নেতৃত্বে  ইতিমধ্যেই সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ফলে রাজ্য সভাপতি পদে রদবদলের আলোচনা শুরু হলেই তাঁর নাম সামনে আসছে বলে দলীয় সূত্রের দাবি।

এরই মধ্যে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। দু’দিনের সফরে একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। বিজেপি সূত্রে খবর, রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি, দলের প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্য বিজেপির নতুন কমিটি গঠন নিয়েও এই সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাজ্য নেতৃত্বে রদবদলের সম্ভাবনা ঘিরে নীতিনের বঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল। আর সেই নজরের কেন্দ্রে রয়েছেন পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতোও।