নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়নে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
সম্প্রতি বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে এলাকার প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বিধানসভার অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, "দপ্তর ইতিমধ্যেই বান্দোয়ান বিধানসভা এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো মজবুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে"।
যেসব বড় ঘোষণার কথা জানানো হলো—
▪️ বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে ৩০ শয্যার নন রেফারেল কমিউনিটি হেলথ সেন্টার হিসেবে গড়ে তোলার প্রস্তাব নেওয়া হয়েছে। বর্তমানে এটি রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রক্রিয়াধীন।
▪️বান্দোয়ান, বারি আর বরাবাজার —বান্দোয়ান বিধানসভা এলাকার তিনটি প্রধান স্বাস্থ্য কেন্দ্রেই ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
▪️৮২.৫ কেভিএ জেনারেটরের জন্য পিডাব্লিউডি দপ্তর ২১,৪৮,৫৬৬ টাকার এস্টিমেট তৈরি করেছে।
▪️স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে নির্গত বায়োমেডিকেল বর্জ্য সঠিকভাবে অপসারণের জন্য তিনটি কেন্দ্রেই 'কমন কালেকশন পয়েন্ট' নির্মাণের এস্টিমেট প্রস্তুত করে জেলা পরিষদ অফিসে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
▪️এছাড়া বিধানসভা এলাকার অন্তর্গত সিঁদরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গুড়ুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-র মেরামত ও রূপান্তরের জন্য প্রয়োজনীয় এস্টিমেট প্রাপ্ত হয়েছে, যা বর্তমানে দপ্তরের এমএস ব্রাঞ্চের বিবেচনায় রয়েছে।
▪️তিনটি স্বাস্থ্য কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জেনারেটর বসাতেই পিডব্লিউডি দপ্তরের তরফে মোট ৬৫ লক্ষ টাকারও বেশি অর্থের এস্টিমেট জমা পড়েছে।