নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জাতীয় সড়কে মাদক পাচার চক্রে ধাক্কা দিলো পুরুলিয়া পুলিশ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল চার কুইন্টালেরও বেশি গাঁজা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের সঙ্গে আটক করা হয়েছে একটি লরি ও দুটি ছোট চার চাকার গাড়ি। গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে। ধৃতদের মধ্যে পাঁচ জন বিহারের বাসিন্দা এবং দু'জন পূর্ব বর্ধমান জেলার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১৮ নম্বর জাতীয় সড়কের বেলকুঁড়ি টোল প্লাজার কাছে নজরদারি শুরু করে এসটিএফ ও জেলা পুলিশের যৌথ দল। সেখানে উত্তরপ্রদেশ নম্বরের একটি খালি লরি এবং তার সঙ্গে থাকা দুটি ছোট চার চাকার গাড়িকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লরিটি ওড়িশা থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল।
তল্লাশির সময় প্রথমে লরিতে বিশেষ কিছু চোখে পড়েনি। পরে চালকের কেবিনে তৈরি করা বিশেষ গোপন প্রকোষ্ঠে তল্লাশি চালিয়ে শতাধিক ছোট ছোট প্যাকেটে ভরা গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মাদক পাচারকারীরা অত্যন্ত কৌশলে ওই গোপন জায়গায় গাঁজার প্যাকেটগুলি লুকিয়ে রেখেছিল।
ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন), সদর সিআই, পুরুলিয়া মফস্বল ও সদর থানার আইসি সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থলেই আনা হয় বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র। কয়েক ঘণ্টা ধরে একে একে উদ্ধার হওয়া প্যাকেটগুলির ওজন করা হয়। সব মিলিয়ে চার কুইন্টালেরও বেশি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ফাইল চিত্র