নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পুরুষ লক্ষ্মীর হদিশ তো মিলেছে ভুরি ভুরি। তাদের অনেককেই করতে হচ্ছে হাজত বাস। এবার পুরুষ অন্নপূর্ণা! এমন পুরুষ অন্নপূর্ণার হদিশ মিললো পুরুলিয়া জেলার পুর শহর রঘুনাথপুরে। তফাৎ কিন্তু বিরাট। এক্ষেত্রে যাঁর অ্যাকাউন্টে গত তেসরা জুন টাকা ঢুকেছে, সেই ব্যক্তি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ প্রশাসনের গোচরে এনেছেন। এভাবেই সততা এবং নৈতিকতার এক অনন্য নজির দেখালেন পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বাসিন্দা তথা বিজ্ঞান আন্দোলনের বিশিষ্ট কর্মী স্বদেশপ্রিয় মাহাতো। তিনি একাধারে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সক্রিয় সদস্য এবং এসইউসিআই নেতা হিসেবে এলাকায় পরিচিত। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাওয়া মাত্রই, তা ফিরিয়ে দিতে সোজা মহকুমা শাসকের দপ্তরে হাজির এই বামপন্থী নেতা।
ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সদস্য ও এসইউসিআই নেতা স্বদেশপ্রিয় মাহাতো বলেন, "গতকাল ব্যাঙ্কের পাশবুক আপডেট করার পর আমি স্তম্ভিত হয়ে যাই। দেখি রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা’ যোজনার ৩,০০০ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি স্পষ্ট মনে করি, এই টাকা যেভাবেই হোক ভুলবশত জমা হয়েছে। এটা চরম সরকারি ত্রুটি ছাড়া আর কিছুই নয়। জনগণের করের টাকা এভাবে কারোর অ্যাকাউন্টে ভুল করে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমি এই টাকা দ্রুত সরকারি কোষাগারে ফেরত দিতে চাই এবং সেই কারণেই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি।"
সামাজিক ও বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে স্বদেশ বাবুর এই পদক্ষেপ রঘুনাথপুর জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে সরকারি টাকা পাওয়ার জন্য ভুয়ো উপভোক্তা সাজার হিড়িক দেখা যায় নানা জায়গায়, সেখানে তাঁর এই সততা ও প্রশাসনিক ত্রুটির বিরুদ্ধে সোচ্চার হওয়া দুটোই এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে।বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক। কীভাবে, কার ভুলে স্বদেশপ্রিয় বাবুর অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তা খতিয়ে দেখছে প্রশাসন।