নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার ফের রাস্তায় নামল এসইউসিআই। এদিন শহরের কোর্ট মোড় চত্বরে হকারদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের পুরুলিয়া জেলা কমিটির অন্যতম সদস্য রঙ্গলাল কুমার, বিকাশ কুমার এবং আলোক বসু।
এদিনের এই সভায় উচ্ছেদ হওয়া সমস্ত হকারদের নামের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়। জেলা কমিটির সদস্য রঙ্গলাল কুমার এই তালিকা মহকুমাশাসকের (এসডিও) কাছে জমা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, "গত শুক্রবার হকারদের পুনর্বাসনের দাবিতে আমরা এসডিও-র কাছে ডেপুটেশন দিয়েছিলাম। তিনি পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি আমাদেরও একটি নামের তালিকা জমা দিতে বলেছিলেন, যাতে প্রশাসনের তালিকার সঙ্গে আমাদের তালিকাটি মিলিয়ে দেখা যায়"।
প্রশাসনের সেই কথার ভিত্তিতেই এদিন হকারদের নামের তালিকা সংগ্রহ করে এসইউসিআই নেতৃত্ব। রঙ্গলাল বাবু জানিয়েছেন, আজই তাদের একটি প্রতিনিধি দল এসডিও সাহেবের কাছে গিয়ে এই নামের তালিকা জমা দেবে। পাশাপাশি, পুরুলিয়ায় অবিলম্বে হকার উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা এবং সর্বোপরি এই 'বুলডোজার সংস্কৃতি' বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোরদার দাবি জানানো হবে।