রাজনীতি শহর

পুরুলিয়া জেলা পরিষদে বিদ্রোহ! সভাধিপতি-সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ২৪ সদস্যের

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথক অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন জেলা পরিষদের ২৪ জন সদস্য-সদস্যা।
পুরুলিয়া জেলা পরিষদে বিদ্রোহ! সভাধিপতি-সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ২৪ সদস্যের


 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কলকাতার বুকে ঋতব্রত তৃণমূলের আদলে পুরুলিয়ায় মল্ল তৃণমূল। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুমিতা সিং মল্লর নেতৃত্বে তৈরি হওয়া নতুন সমীকরণে জেলা পরিষদের শাসক শিবিরে প্রকাশ্যে দেখা দিল ভাঙন।  পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথক অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন জেলা পরিষদের ২৪ জন সদস্য-সদস্যা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর বিধান অনুযায়ী মেদিনীপুর বিভাগের বিভাগীয় কমিশনার তথা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে যৌথভাবে ওই প্রস্তাব দাখিল করা হয়েছে।

অনাস্থা প্রস্তাবে আইন অনুসারে দ্রুত একটি বিশেষ সভা আহ্বান করে ভোটাভুটির মাধ্যমে অনাস্থা প্রস্তাবের নিষ্পত্তি করারও দাবি জানিয়েছেন আবেদনকারীরা। জেলা পরিষদের দুই শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে একই সঙ্গে ২৪ জন সদস্যের এই পদক্ষেপ ঘিরে পুরুলিয়ার রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

সংখ্যার অঙ্কই এই রাজনৈতিক ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ৪৫ সদস্যের জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৩ জন সদস্য। সেখানে ২৪ জন সদস্যের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব শাসকদলের অন্দরে বড়সড় অসন্তোষেরই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কারণ, ২০২৩ সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে গঠিত বোর্ডের বিরুদ্ধেই এবার দলের সদস্যদের একাংশ প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

তৃণমূলের অন্দরের একটি অংশের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক অসন্তোষই শেষ পর্যন্ত এই পরিস্থিতির জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুমিতা সিং মল্লকে ঘিরে গড়ে ওঠা নতুন সমীকরণ এই অনাস্থা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যদিও এ বিষয়ে দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

এখন নজর প্রশাসনের দিকে। আইন অনুযায়ী কবে বিশেষ সভা ডাকা হবে এবং সেই সভায় অনাস্থা প্রস্তাবের ভাগ্যে কী সিদ্ধান্ত হয়, তা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য পুরুলিয়া মিরর সেই মে মাসে অনাস্থার বিষয়টি প্রথম তুলে এনেছিলো। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও নিকট আত্মীয়ের প্রয়াণে শোকাহত থাকায় সভাধিপতি নিবেদিতা মাহাতো কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এখন বিচারাধীন বন্দী।