নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রথযাত্রার উৎসবের আবহে এ বার পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দিল বন দফতর। কেন্দ্রের "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির ভাবনায় অনুপ্রাণিত হয়ে রথযাত্রা উপলক্ষে গোটা পুরুলিয়া জেলায় বৃক্ষচারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে মোট ৫,৪৯৮টি বৃক্ষচারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।
বন দফতরের দাবি, বিভিন্ন রথযাত্রা কেন্দ্র ও সেবা শিবিরে আগত ভক্ত ও দর্শনার্থীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষচারা সংগ্রহ করেন এবং তা রোপণের অঙ্গীকার করেন।
এই কর্মসূচির অন্যতম কেন্দ্র ছিল হুড়ার কেশরগড়ের ঐতিহ্যবাহী রথযাত্রা সেবা শিবির। সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) অঞ্জন গুহ, সহকারী বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) সায়নী নন্দী এবং কংসাবতী উত্তর বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) বিশ্বনাথ প্রতাপ এন। তাঁদের উপস্থিতিতেই দর্শনার্থীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয় এবং "একটি গাছ মায়ের নামে" কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।
এ দিন শুধু কেশরগড় নয়, জেলার বিভিন্ন রথযাত্রা কেন্দ্রেও বন দফতরের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়।
অন্যদিকে, রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার উৎসবের আবহে মেতে ওঠে গোটা পুরুলিয়া জেলা। শহর থেকে গ্রাম— সর্বত্রই ভক্তদের ঢল নামে। বান্দোয়ান রথযাত্রা কমিটির রথ জিপ স্ট্যান্ড থেকে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে চকবাজার এলাকায় প্রায় আধ ঘণ্টা থমকে যায়। পরে মেরামতির পর রথটি মাসির বাড়ির উদ্দেশে যাত্রা সম্পূর্ণ করে।
হুড়ার সর্বজনীন রথযাত্রায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। সিরকাবাদের রথযাত্রায় রথের দড়ি টানেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। বলরামপুরের ঐতিহ্যবাহী রথযাত্রায় হাজির ছিলেন বিধায়ক জলধর মাহাতো।
পুরুলিয়া, জয়পুর ও ঝালদাতেও সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা। বিভিন্ন এলাকায় বিশেষ পুজো, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ এবং রথ টানাকে ঘিরে ছিল উপচে পড়া ভিড়। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এবার সেই উৎসবের আবহেই ভক্তির পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও সমান গুরুত্ব পেল পুরুলিয়ার রথযাত্রায়।