নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এসসি-এসটি অ্যাট্রোসিটি আইনের মামলায় সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় , প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুষার অবস্তিকে তিন দিনের পুলিশ হেফাজতে নিলো পুরুলিয়া টাউন থানা। অন্নপূর্ণা প্রকল্পে নথি বিকৃতির মামলায় পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ওরফে ধরম ও কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে জেল হেফাজতে পাঠালো পুরুলিয়া জেলা আদালত। অন্যদিকে বরাবাজারের তৃণমূল নেতা চন্দন সিং মল্লকে দু'দিনের রিমান্ডে নিলো বরাবাজার থানা।
পুলিশের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন পুরুলিয়া শহরের মুনসেফডাঙায় বাউরি সম্প্রদায়ের এক যুবককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সুজয় বন্দ্যোপাধ্যায়, গৌরব সিং এবং তুষার অবস্তির বিরুদ্ধে এসসি-এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় টাউন থানা। সেই আবেদন মঞ্জুর করে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এই সময়ে তিন অভিযুক্তকে পুরুলিয়া টাউন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
অন্যদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে কারচুপির অভিযোগে গ্রেফতার হওয়া কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণপাহাড়ি দাসের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে শনিবার তাঁদের আদালতে তোলা হয়। আদালত দু'জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তদন্তে বাজেয়াপ্ত হওয়া নথি, ল্যাপটপ এবং সরকারি রাবার স্ট্যাম্পের ফরেনসিক ও নথি পরীক্ষার কাজ চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এ দিনই বরাবাজার থানার পৃথক মামলায় গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি চন্দন সিং মল্লকেও আদালতে হাজির করা হয়। জমি দখল, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করেছিল বরাবাজার থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করে বিচারক চন্দন সিং মল্লকে দু'দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলা রাজনীতিতে প্রভাবশালী একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পরপর আইনি পদক্ষেপে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।