ক্রাইম ব্লক

বাড়ির মধ্যেই বেআইনিভাবে পেট্রোল-ডিজেল মজুত, বরাবাজারে গ্রেফতার ১

বরাবাজার থানার পুলিশের তৎপরতায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পুরুলিয়ার পুইজাঙ্গা গ্রাম। সোমবার রাতে এক গোপন অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ পেট্রোল ও ডিজেল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে।
বাড়ির মধ্যেই বেআইনিভাবে পেট্রোল-ডিজেল মজুত, বরাবাজারে গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

লোকালয়ের মাঝে কোনো রকম লাইসেন্স ছাড়া সুরক্ষাবিধি না মেনেই একটি বাড়ির ভেতর মজুত করে রাখা হয়েছিল দাহ্য তেল। তবে বরাবাজার থানার পুলিশের তৎপরতায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পুরুলিয়ার পুইজাঙ্গা গ্রাম। সোমবার রাতে এক গোপন অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ পেট্রোল ও ডিজেল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার  রাতে বরাবাজার থানার পুলিশের কাছে একটি অত্যন্ত নির্ভরযোগ্য গোপন খবর আসে। লটপদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুইজাঙ্গা গ্রামের বাসিন্দা গণেশ মাহাতো নিজের বাড়িতেই লুকিয়ে জ্বালানি তেলের ব্যবসা চালাচ্ছেন। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ দল ওই গ্রামে হানা দেয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন আকারের ৪টি বড় কন্টেইনার উদ্ধার করে। কন্টেইনারগুলি থেকে আনুমানিক ৩২০ লিটার পেট্রোল এবং ডিজেল বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয়েছে যে, গণেশ মাহাতোর কাছে এই অত্যন্ত দাহ্য পদার্থ মজুত রাখা বা বিক্রি করার কোনো বৈধ লাইসেন্স বা সরকারি অনুমতি ছিল না। লোকবসতিপূর্ণ এলাকায় এভাবে জ্বালানি মজুত রাখা যে কোনো মুহূর্তে বড়সড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারতো।

পুলিশ ইতিমধ্যেই তেল সহ কন্টেইনারগুলি বাজেয়াপ্ত করেছে এবং অভিযুক্ত গণেশ মাহাতোকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ শুরু হয়েছে।