নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
অবশেষে খুব শীঘ্রই জাইকা পানীয় জল প্রকল্প উদ্বোধন হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৯ তারিখ-ই ওই মেগা জল প্রকল্পের উদ্বোধন হবে। তৃণমূলের জমানায় একেবারে ধীর গতিতে চলা এই জল প্রকল্পকে ঘিরে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পরেই এই প্রকল্পের কাজে গতি পায়। পুরুলিয়া জেলা প্রশাসন জানিয়ে দিয়েছিল, আগস্ট মাস থেকে এই প্রকল্পের জল মিলবে। সেই মোতাবেক কাজ প্রায় শেষ।
উদ্বোধনের আগে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী অজয় পোদ্দার-র কথামতো শুক্রবার মানবাজার ১ নং ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের জামদা গ্রামে ওই জল প্রকল্পের পরিদর্শন করেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। তাঁর কথায়, " প্রত্যেকটি কাজের মতো এই জল প্রকল্পও তৃণমূলের জমানায় ধীরগতিতে চলছিল। রুখাশুখা পুরুলিয়ার মানুষের কথা ভেবে আমরা এই কাজে গতি এনেছি। পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর কথা মত আমরা ওই প্রকল্পের পরিদর্শন করেছি। এই প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আসার জন্য আমরা আবেদন রেখেছি।"
এই পানীয় জল প্রকল্প থেকে আপাতত এই জেলার ৫ টি ব্লক সুবিধা পাবে। সেই ব্লক গুলি হলো মানবাজার ১, পুঞ্চা, বরাবাজার ও পুরুলিয়া ১-র আংশিক
সহ সমগ্র আড়শা। এই প্রকল্প থেকে সুবিধা পাবেন ৯২ হাজার ২৭ টি পরিবারের মানুষ। ২০১৯ সালের প্রথম দিকে এই প্রকল্পের অনুমোদন মিললেও কাজ শুরু হতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস হয়ে যায়। এই মেগা জল প্রকল্পের ব্যয় ১২৯৬. ২৫ কোটি টাকা।