অন্যান্য ব্লক

গাড়ি বোঝাই চোরাই কাঠ ঝালদায় বাজেয়াপ্ত করল বন দপ্তর

বন দপ্তর সূত্রে খবর, ঝালদা-বাঘমুন্ডি রাস্তায় তখন বনকর্মীদের নিয়মিত টহল চলছিল। আচমকাই একটি ছোট চার চাকার গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের। গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো শিমুল কাঠ।
গাড়ি বোঝাই চোরাই কাঠ ঝালদায় বাজেয়াপ্ত করল বন দপ্তর

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বেআইনিভাবে কাঠ পাচারের চেনা ছক  বানচাল করল বন দপ্তর। ঝালদা-বাঘমুন্ডি সড়কের ইচাগ গ্রামের কাছে একটি গোপন অভিযানে শিমুল কাঠ বোঝাই একটি চার চাকার গাড়ি আটক করেছেন বনকর্মীরা। এই ঘটনার পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নথিপত্র ছাড়া বনের কাঠ সরানোর দিন শেষ।

বন দপ্তর সূত্রে খবর, ঝালদা-বাঘমুন্ডি রাস্তায় তখন বনকর্মীদের নিয়মিত টহল চলছিল। আচমকাই একটি ছোট চার চাকার গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের। গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো শিমুল কাঠ।

গাড়ির চালক বুক ফুলিয়ে গাড়ি নিয়ে বেরোলেও, বিপত্তি ঘটে যখন বনকর্মীরা কাঠের বৈধ কাগজপত্র দেখতে চান। পরিবহনের কোনও বৈধ নথি দেখাতে পারেননি   ওই চালক। এরপরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাঠসহ গাড়িটিকে নিজেদের হেফাজতে নেয় বন দপ্তর।
গাছ কাটা বা কাঠ পরিবহন রুখতে বন দপ্তর যে এখন জিরো টলারেন্স নীতিতে চলছে, তা আধিকারিকদের পদক্ষেপেই স্পষ্ট। ইতিমধ্যেই গাড়ির মালিকের উদ্দেশ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে।

এই ঘটনার পর ঝালদা ও সংলগ্ন এলাকায় বনজ সম্পদ মাফিয়াদের ওপর নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাপথে বনের কাঠ পাচার রুখতে আগামী দিনে এই ধরনের অভিযান আরও ঘনঘন এবং জোরালোভাবে চালানো হবে।