নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালালো মফস্বল থানার পুলিশ। করল বেআইনি বালি পাচার চক্রের পর্দাফাঁস। শনিবার দুপুরে এই থানার ডাবর বলরামপুর এলাকার কাঁসাই নদীতে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ দেখে, ট্রাক্টর নয়, একের পর এক গরুর গাড়িতে আসছে বালি। বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে ৬টি বালি বোঝাই গরুর গাড়ি বমাল বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৬ জন গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মফস্বল থানার পুলিশ।