নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জনস্বার্থ ও এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রাজ্য প্রশাসনে জোর দরবার চালাচ্ছেন পুরুলিয়া জেলার বিধায়করা। স্বাস্থ্য, সড়ক, সেচ থেকে শুরু করে পর্যটন একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছেন বিজেপির স্থানীয় বিধায়কেরা। প্রশাসনিক মহলে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বিধানসভার অধিবেশনকেও এলাকার দাবিদাওয়া আদায়ের অন্যতম প্রধান মঞ্চ করে তুলেছেন তাঁরা। জনপ্রতিনিধিদের এই সক্রিয় ভূমিকাকে ইতিবাচক ভাবেই দেখছেন জেলাবাসীদের একাংশ।
ঝালদা ১ ব্লকের ইলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা এবং ৩০টি শয্যা চালুর দাবি তুলেছেন বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো। পাশাপাশি এলাকার সড়ক পরিকাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব নিয়ে তিনি ও জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো যৌথ ভাবে দ্বারস্থ হয়েছেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী অজয়কুমার পোদ্দারের।
অন্যদিকে, রুক্ষ ও পাথুরে পুরুলিয়ায় বর্ষা বিদায়ের পরপরই জলসংকট ভয়াবহ আকার ধারণ করে। বাঘমুণ্ডি ও ঝালদার অধিকাংশ পুরনো জলাধার পলি জমে জলধারণ ক্ষমতা হারিয়েছে। এ বিষয়ে সেচমন্ত্রী অরূপকুমার দাসের দৃষ্টি আকর্ষণ করে রহিদাস মাহাতো পুরনো জলাধারগুলির দ্রুত তলদেশ সংস্কার ও পলি অপসারণের পাশাপাশি পাহাড়ের কোলে একটি নতুন বৃহৎ জলাধার নির্মাণের জোর দাবি জানিয়েছেন।