নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
আবার পুরুলিয়ার সেই জয়পুরেই ভেজাল মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল জয়পুর থানার পুলিশ। গত ৩০ মে জয়পুর থানা এলাকায় একটি বেআইনি বোতলজাতকরণ এবং ভেজাল বিদেশী মদ তৈরির কারখানার হদিস পেয়েছিল জয়পুর থানা।
ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে আরও একটি সাফল্য জয়পুর থানার পুলিশের। পুলিশের জালে আরও একজন।
গত মঙ্গলবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বোকারো জেলার সেক্টর-১২ থানার অন্তর্গত আদর্শ কলোনিতে হঠাৎ হানা দেয় জয়পুর থানার পুলিশের একটি বিশেষ দল। সেখান থেকেই ধরা পড়ে এই চক্রের অন্যতম সদস্য ও এফআইআরে নাম থাকা পলাতক আসামি রামকৃষ্ণ দিগর ওরফে বাসু ওরফে হাংরু। এদের বয়স ৪২। ধৃত ব্যক্তি জয়পুর থানার লায়াদিহ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, এই চক্রের শিকড় কতটা গভীরে তা জানতে বুধবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।