নিজস্ব প্রতিনিধি,
পুরুলিয়া, মানবাজার ও বান্দোয়ান:
হাতে ফুল, সংবর্ধনা, আর একটা ছবি। জেলার ৯ বিধানসভার বিধায়ককে ঘিরেই এখন তুঙ্গে এমন ছবি তোলার হুজুগ। না, ছবি তোলাটা ঠিক হুজুগ নয়, সেটা সমাজমাধ্যমে আপলোড করাটা হুজুগ। আর তারপর প্রমাণের চেষ্টা, "আমি বিজেপি ঘনিষ্ঠ। "
এমন ট্রেন্ড দেখে কার্যত বিরক্ত বিধায়করা। কয়েকজন তো ফেসবুকে লিখেই দিচ্ছেন, "ছবি মানেই রাজনৈতিক ঘনিষ্ঠতা নয়!" বিরোধী দলের মর্যাদা কে পাবে, সে নিয়ে যখন যখন রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন বার্তা তিন বিধায়য়কের।
পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় , মানবাজারের বিধায়ক ময়না মুর্মু এবং বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে প্রায় একই সুরে সাধারণ মানুষকে বার্তা দিয়ে স্পষ্ট জানালেন, রাজনীতির আঙিনায় সৌজন্য আর দলীয় আনুগত্য সম্পূর্ণ আলাদা বিষয়।
সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাতে কড়া বার্তা দিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে কারও ছবি থাকা মানেই সেই ব্যক্তি বিজেপির কর্মী বা তাঁর ঘনিষ্ঠ এমনটা ভাবা একেবারেই ভুল।
পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, "প্রতিদিন বহু মানুষ বাসভবনে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন, রাস্তাঘাটেও অনেকে ছবি তুলছেন। এই দর্শনার্থীদের মধ্যে যেমন পরিচিত সহযোদ্ধারা রয়েছেন, তেমনই বহু সম্পূর্ণ অচেনা মানুষও আছেন। কেউ সৌজন্যবশত দেখা করতে এলে, তাঁর সঙ্গে কথা বলা এবং ছবি তোলা আমার ভদ্রতারই অংশ। আমি শুধুমাত্র সেই সৌজন্যটুকুই বজায় রাখার চেষ্টা করছি।"
সমাজ মাধ্যমে মুখ খুলেছেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু। নিজের অবস্থান স্পষ্ট করতে তাঁর পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। বিবৃতির শুরুতেই তাঁর একটি মন্তব্য বড় করে তুলে ধরা হয়েছে, "আমি সবার সাথে ভদ্রতা রাখার চেষ্টা করছি মাত্র।"
মানবাজারের বিধায়ক ময়না মুর্মু বলেন,
"বিধায়কের সাথে কেউ ফোনে কথা বললে বা ছবি তুললেই তিনি বিজেপির লোক হয়ে যান না। ফুল নিয়ে আসা বা ছবি তুলতে চাওয়া মানুষদের একটা বড় অংশই সম্পূর্ণ অপরিচিত সাধারণ মানুষ। জনসমক্ষে কেউ সামনে এলে তাঁর সাথে কথা বলা বিধায়কের সাধারণ ভদ্রতার অংশ, একে রাজনৈতিক রঙ দেওয়া অনুচিত।"
একই সুরে সুর মিলিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে। সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বা ছবি তোলার বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিধায়ক জানান, "অনেকেই আমার বাসভবনে ফুল নিয়ে আসছেন, আবার অনেকেই রাস্তাঘাটে আমার সঙ্গে ছবি তুলছেন। তাঁদের মধ্যে অনেকেই আমার পরিচিত সহযোদ্ধা, আবার অনেকেই সম্পূর্ণ অচেনা মানুষ। কারো সঙ্গে ছবি থাকার অর্থ এই নয় যে ওই ব্যক্তি বিজেপির কর্মী বা আমার অত্যন্ত ঘনিষ্ঠ।"
তিনি আরও যোগ করেন, কেউ দেখা করতে এলে কথা বলা বা ছবি তোলা সাধারণ ভদ্রতা ও কর্তব্যের মধ্যেই পড়ে। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে এই ধরনের ছবিকে ব্যবহার না করার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।